মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর ইরান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছে ডেমোক্রেটিক পার্টি। ৯ মাস ধরে চলা এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই জনরোষকে কাজে লাগিয়েই নির্বাচনে সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটরা।
আলজাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস এই যুদ্ধকে ‘অবিবেচনাপ্রসূত ও ব্যয়বহুল’ বলেছেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার শুরুতেই এ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে, অতীতে ইরানের পরমাণু চুক্তির বিরোধিতা করা সিনেটর চাক শুমারও এখন যুদ্ধের বিপক্ষে কথা বলছেন।
তবে ডেমোক্র্যাটদের এই বক্তব্য নিয়ে তেহরানের সংশয় রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, এই নির্বাচনের ফলে ইরানের প্রতি ওয়াশিংটনের নীতি বদলে যাবে বলে যারা ভাবছেন, তারা মারাত্মক ভুল করছেন।
বিশ্লেষকরাও মনে করেন, ইরানের প্রতি দুই দলের মূল দৃষ্টিভঙ্গি আসলেই ভিন্ন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের আইনের সহযোগী অধ্যাপক মরিয়ম জামশিদি বলেন, যুক্তরাষ্ট্রের দুদলই বিপ্লব-পরবর্তী ইরানকে শত্রু হিসেবে দেখেছে। বরং ট্রাম্পের আগে ইরানের ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বারাক ওবামার আমলেই আরোপ করা হয়েছিল।
তবে রাজনৈতিক বিশ্লেষক নেগার মোরতাজাভি মনে করেন, ওবামার কূটনৈতিক সাফল্য এবং ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ওবামা প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করলেও পরবর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন সেই ধারা ধরে রাখতে পারেননি। ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর বাইডেন তা পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ হন। তবে বাইডেন ট্রাম্পের মতো ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াননি।
এদিকে, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা তলানিতে ঠেকেছে। ডার্টমাউথ কলেজের ইতিহাসবিদ গোলনার নিকপুর বলেন, চুক্তি বাতিল এবং বর্তমান যুদ্ধের কারণে ইরানের ভেতরে এই বিশ্বাস জোরালো হয়েছে, ওয়াশিংটন আসলে ইরানের শাসনব্যবস্থা বদলাতে চায়।
এখন প্রশ্ন হলো, ডেমোক্র্যাটরা কি আসলেই এই যুদ্ধ বন্ধ করতে পারবে? হোয়াইট হাউস এখনও ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় ডেমোক্র্যাটদের ক্ষমতা সীমিত। তবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে তারা যুদ্ধের তহবিল আটকে দিতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিলে তা উল্টে দিতে রিপাবলিকানদের সমর্থন প্রয়োজন হবে। এ ছাড়া ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধ করতে পারলেও নিষেধাজ্ঞা ও চাপ পুরোপুরি তুলে নেবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
কুয়েতে হামলায় ‘ফলস ফ্ল্যাগ’ দাবি ইরানের
কুয়েতে বৃহস্পতিবারের ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। এই হামলায় দুজন ইতালীয় নাগরিক নিহত হন। রোমে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে এই দাবি জানায়।
দূতাবাসের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলা হয়েছে, এই হামলা একটি ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্ম হামলা হতে পারে। এর লক্ষ্য সংঘাতের পরিধি বাড়ানো এবং অন্যান্য অঞ্চলের বিরোধকে উপসাগর ও ইউরোপের সঙ্গে যুক্ত করা।
ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ: ট্রাম্প
ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে পারমাণবিক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সেনাদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইরান ইসরায়েল ও অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এবং দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী।