শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন আলজাজিরার বিশ্লেষণঃ ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের চাপ, তারা কতটা আলাদা জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ছাত্র সংসদ প্রতিনিধিদের ‘Beyond Campus : Leading Tomorrow’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে “ফ্যামিলি কার্ড” ভাতা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের: সমাজকল্যাণ মন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিরোধীদলীয় নেতার সঙ্গে ছাত্র সংসদ প্রতিনিধিদের ‘Beyond Campus : Leading Tomorrow’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশের পাঁচটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক এ মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ ছাত্র সংসদের বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের সাফল্যের পাশাপাশি বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহীম রনি, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম নিজ নিজ ছাত্র সংসদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি ছাত্র প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বক্তব্য রাখেন। ছাত্র সংসদের প্রতিনিধিদের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার অবনতির মধ্যেও ছাত্র সংসদের নেতৃবৃন্দ অস্থির ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল করেছেন, শান্তি-নিরাপত্তা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন।” এক বছরে সব কাজ শেষ না হলেও তারা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তরুণ নেতৃবৃন্দের উদ্দেশে প্রধান অতিথি আরও বলেন, যারা এখনো শিক্ষার্থী, তারা যেন শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে অবদান রাখেন। আর যারা ছাত্রজীবন শেষ করেছেন, তাদের সততার মানদণ্ডে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। তরুণরা কারও অধীনে চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা হিসেবে ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, জনকল্যাণ ও দেশকে পথ দেখানোর কাজে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকার মতো গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও তরুণদের মধ্য থেকে মেয়র প্রার্থী ঘোষণা করার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। এ সময় তিনি শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামবাংলাকেও বদলাতে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

ফ্যাসিবাদী আমলে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হওয়া এবং ২৬ হাজার মানুষের পঙ্গুত্ববরণের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “বিস্ময়ের সঙ্গে দেখা যাচ্ছে, কেউ কেউ অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির প্রস্তাবের বিনিময়ে ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের প্রতি সুস্পষ্ট প্রতারণার শামিল। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলায় হয়রানি ও দখলবাজি আগের চেয়েও বেশি গতিতে চলছে। বারবার এর নিন্দা, ঘৃণা, সমালোচনা ও প্রতিবাদ জানালেও একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতে পারছে না।” তিনি আশা প্রকাশ করেন, বুকের রক্ত ও জীবন দিয়ে লড়াই করে ফ্যাসিবাদ তাড়ানো যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতে বা বসতে দেবে না।

গণভোট প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য গণভোট এবং রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন—দুটি মেনেই সবাই নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আরেকটি নির্বাচনকে অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এই সংকট তৈরি করা এবং ফ্যাসিবাদীদের লালন-তোষণের কারণেই তারা আবার ফিরে আসার পাঁয়তারা করছে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের উপস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, “পুরো এক বছর বড় বড় ক্যাম্পাসগুলোতে তারা ‘ভায়োলেন্স ফ্রি’ ক্যাম্পাস উপহার দিয়েছেন। উপস্থিত শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন।” ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অন্যায় দখল ও জোরদখল মিলিয়ে দেশ এক ঘুণেধরা সমাজব্যবস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে এ ব্যবস্থা পাল্টে দিতে এবং অন্ধ দলীয়করণের মূলে কুঠারাঘাত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

চাকরি সংস্কার ও পিএসসি প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পরও চাকরির কার্যকর সংস্কার দেখা যায়নি এবং পিএসসিকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। তিনি অভিযোগ করেন, মোনেম কমিশনের সংস্কারের পর চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে, সদস্যদের চায়ের আমন্ত্রণে ডেকে পদত্যাগ করানো হচ্ছে এবং ভাইভার নম্বর ২০০ থেকে ১০০ করার সিদ্ধান্ত আবার ২০০-তে ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। লিখিত খাতা মূল্যায়নে মোনেম কমিশনের সংস্কার পরিবর্তন করে দলীয় নিয়োগের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করে এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিটি ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা দেন তিনি।

তৎকালীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ছাত্র সংসদের প্রতিনিধিদের ডেকে তাঁদের কথা শোনার মৌলিক দায়িত্ব পালন না করে সরকার দেশকে গভীর সংকটে রেখে গেছে। বর্তমান সরকারও হিংসার বশবর্তী হয়ে প্রতিনিধিদের ডাকেনি বলে অভিযোগ করেন তিনি। বিপরীতে বিরোধীদলীয় নেতাকে ‘মানবিক নেতা’ ও ‘মজলুম জননেতা’ আখ্যা দিয়ে নূরুল ইসলাম বলেন, তিনি প্রতিনিধিদের মূল্যায়ন করেছেন এবং তাঁদের কথা শুনেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদে ও সংসদের বাইরে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে বিরোধীদলীয় নেতা জাতিকে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আগে ছাত্র সংসদ মানেই ছিল টেন্ডারবাজি, দখলদারি, সিট বাণিজ্য, জোর করে মিছিলে অংশগ্রহণ ও মারামারি। তবে স্বাধীনতার পর সম্ভবত প্রথমবারের মতো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিরা এমন এক বৃহৎ পরিবর্তন এনেছেন, যা বাংলাদেশের ইতিহাসে কেউ আনতে পারেনি।” সততা, নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম ও আদর্শের কারণেই তারা এ পর্যায়ে আসতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, আজকের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতার অভাব। নৈতিকতার অভাবেই বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। দেশের সম্পদের কোনো অভাব নেই। সম্পদের অভাব থাকলে ১৬ বছরে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হতে পারত না। বরং নৈতিকতার ঘাটতির কারণে যারা দেশ শাসন করেছেন, তারা দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে শিক্ষার্থীরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনের যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তার মধ্য দিয়ে ক্যাম্পাসের বাইরে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী নেতৃত্বে তারাই আসবেন—এটিই আমাদের প্রত্যাশা।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে মেয়াদ শেষে জাতির সামনে এমন দৃষ্টান্ত পেশ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।” ইসলামী ছাত্রশিবির তথা সমমনা প্যানেল থেকে নির্বাচিতদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রজীবনে আদর্শের ছোঁয়ায় যে শিক্ষা, নৈতিকতা, চরিত্র, সততা ও স্বচ্ছতা অর্জিত হয়েছে, কর্মজীবনে কিংবা সমাজ ও রাজনীতিতে প্রবেশের পর তা যেন ভুলে না যায়।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিরা তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে মাননীয় বিরোধীদলীয় নেতা তরুণদের কণ্ঠস্বর হিসেবে সংসদ ও সংসদের বাইরে সাহসী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির, জাতীয় সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডা. খালেদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ ছাড়া ছাত্রশিবিরের সেক্রেটারিয়েট ও কার্যকরী পরিষদের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.