সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

জলবায়ু অর্থায়নে অনুদান, ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা চাইবে বাংলাদেশ

আজ সোমবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)। ভূমধ্যসাগরের তীরবর্তী শহরটির এক্সপো সেন্টারে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে ১১ ও ১২ নভেম্বর দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও একাধিক বৈঠকে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের বিষয়টি চূড়ান্ত করতে আলোচনা চলছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত ও সহজলভ্য অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা আদায় করা। বিশেষ করে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিলের অর্থ সহজে পাওয়া এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষার বিষয়গুলোতে জোর দেবে বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানো জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম পরিচালনায় বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে শুধু অর্থনৈতিক ক্ষতির জন্য নয়, বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অনুদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।

পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে এ সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।

এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিশ্বের তাপমাত্রা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে প্যারিস চুক্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে অগ্রগতি নিয়েও আলোচনা হবে। এর আগে বিভিন্ন কপ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নানা প্রতিশ্রুতি এলেও বাস্তবায়নের গতি নিয়ে অসন্তোষ রয়েছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। ফলে এবার প্রতিশ্রুতির পরিবর্তে কার্যকর সিদ্ধান্ত ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ওপর জোর দিচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো।

বাংলাদেশের প্রত্যাশার মধ্যে রয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়া এবং অভিযোজন তহবিলের বরাদ্দ বাড়ানো। খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা রক্ষায়ও আন্তর্জাতিক সহায়তা চাইবে বাংলাদেশ।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতের ভিত্তিতে কপ-৩১ সম্মেলনের জন্য বাংলাদেশের শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি), জি-৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এসব প্যাভিলিয়নে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা, পরিবেশবান্ধব উদ্যোগ ও জলবায়ু মোকাবিলায় নেওয়া বিভিন্ন কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়বেন তিনি। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে ট্রানজিট শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।

সফর শেষে ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.