সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

আন্তালিয়া থেকে বিশেষ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়, এখন প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। এ লক্ষ্যেই এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) আন্তালিয়ায় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মুরাত কুরুম বলেন, বৈশ্বিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের চাপ, খাদ্যনিরাপত্তাহীনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের মতো সংকটের সঙ্গে জলবায়ু সংকটও গভীরভাবে জড়িয়ে পড়েছে। একটি সংকট অন্য সংকটকে আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে আর আলাদাভাবে দেখার সুযোগ নেই। খরা, বন্যা, পানির সংকট ও তীব্র তাপপ্রবাহ খাদ্য উৎপাদন, সরবরাহব্যবস্থা, অর্থনীতি, অভিবাসন, নগরজীবন ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। বিশ্বের এক প্রান্তের খরার প্রভাব অন্য প্রান্তের মানুষের খাবারের টেবিলেও পড়ছে।

কুরুম বলেন, প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য এখনো আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের প্রধান নির্দেশক। কপ-৩১-এ বিজ্ঞান যে বাস্তবতার কথা বলছে, তা স্পষ্টভাবে তুলে ধরা হবে।

সম্মেলনের উদ্বোধনী দিন প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড সংরক্ষণের ইতিহাসে গত ১২ বছরই ছিল উষ্ণতম। এর মধ্যে সর্বোচ্চ চারটি উষ্ণ বছর ছিল সর্বশেষ চার বছর।

কপ-৩১ প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আলোচনায় গৃহীত সিদ্ধান্তের সুফল মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছাতে হবে। জ্বালানিসাশ্রয়ী ভবন, পরিবেশবান্ধব গণপরিবহন, সাশ্রয়ী জ্বালানি এবং নতুন কর্মসংস্থানের মাধ্যমে জলবায়ু কার্যক্রমের বাস্তব সুফল নিশ্চিত করতে হবে।

জ্বালানি খাতে বিদ্যুতায়নকে গুরুত্ব দিয়ে তিনি তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন, জ্বালানি সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবহন ও সবুজ শিল্পায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

জলবায়ু অর্থায়নের প্রসঙ্গে কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বাড়িয়ে বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রতিশ্রুতির সঙ্গে অর্থায়ন যুক্ত করতে হবে। সেই অর্থ বিনিয়োগে ব্যবহার করতে হবে এবং বিনিয়োগের মাধ্যমে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে।

কপ-৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সহযোগিতা কী অর্জন করতে পারে, তা দেখানোর সুযোগ তৈরি করেছে কপ-৩১।

তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের পথ উন্মুক্ত করা, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতির সুরক্ষায় কার্যক্রম জোরদার করা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমিয়ে বিনিয়োগ, অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্য নিয়ে অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা সৃষ্টি করেছে। এর চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর এবং বাড়ছে মূল্যস্ফীতি। তবে নবায়নযোগ্য জ্বালানি এরই মধ্যে বড় ধরনের অর্থনৈতিক সুফল দিচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। তাই কপ-৩১-এর আলোচনা ও কর্মপরিকল্পনায় এমন উদ্যোগ নিতে হবে, যা জলবায়ু লক্ষ্যমাত্রাকে বাস্তব সুফলে রূপান্তর করবে।

খাদ্য, কৃষি ও স্বাস্থ্য নিয়ে প্রথম দিনের আলোচনা

কপ-৩১-এর প্রথম দিনের বিশেষ কর্মসূচিতে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের ওপর বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্মেলনে বলা হয়েছে, চলমান সুপার এল নিনো পরিস্থিতির কারণে প্রায় পাঁচ কোটি অতিরিক্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্য উৎপাদন, পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করে তোলার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এ লক্ষ্যে কপ-৩১ প্রেসিডেন্সি, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগের অংশীদারদের সহযোগিতায় ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কৃষি খাতেও নারী ও তরুণদের অংশগ্রহণ এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নারী কৃষকদের জন্য উচ্চপর্যায়ের সংলাপে জলবায়ু অর্থায়ন পাওয়ার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা এবং ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক একটি যৌথ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

অন্যদিকে তরুণ কৃষকদের সংলাপে কৃষি, পানি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া শিশু ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মেলনে বিশেষ প্যাভিলিয়ন চালু করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টারকোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুর কথা রয়েছে। এতে খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজনকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।

দুই সপ্তাহব্যাপী কপ-৩১ সম্মেলনে জাতিসংঘের আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ব্লু জোনে। অন্যদিকে গ্রিন জোনে সরকারি সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও তরুণরা জলবায়ু মোকাবিলার বিভিন্ন উদ্যোগ ও সমাধান তুলে ধরবেন।

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার লক্ষ্য সামনে রেখে শুরু হওয়া এবারের সম্মেলনে আগামী দুই সপ্তাহে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, খাদ্যনিরাপত্তা, কৃষি ও অভিযোজনের ক্ষেত্রে কী ধরনের কার্যকর সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.