ঢাকা: রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে তাঁর বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবরে টুকুর নিজ বাসভবনে যান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি দীর্ঘক্ষণ অবস্থান করে টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে তিনি টুকুর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শনিবার তাঁকে আদাবরের বাসায় নেওয়া হয়। বর্তমানে বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও পরিচর্যা চলছে।
গয়েশ্বর চন্দ্র রায়ের সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এমপি এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।