মনিরুল ইসলাম : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সোমবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জড়ো হন বিএনপি, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। জাসাসের নেতৃত্বে ছিলেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান।।তারা বর্ণাঢ্য আনন্দ মিছিল ও স্লোগানে মুখরিত করে তোলেন বিমানবন্দর এলাকা, যা মুহূর্তেই পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।
যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাগত কর্মসূচির প্রধান সমন্বয়ক ছিলেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সার্বিক ব্যবস্থাপনায় তাকে সহযোগিতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিলটন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম, সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সরোয়ারদী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, খালেদ আহমেদ খান ও ফয়সাল আহমেদসহ আরও অনেক নেতা-কর্মী।
এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত। সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।