মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
নিউইয়র্ক, ৪ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় পর ফক্স নিউজ মিডিয়া থেকে হঠাৎ বিদায় নিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক মারিয়া বার্তিরোমো। তার আকস্মিক প্রস্থানে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার Truth Social পোস্টে বার্তিরোমোর প্রশংসা করে বলেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে বার্তিরোমো আর ফক্স নিউজ/ফক্স বিজনেসে তার জনপ্রিয় অনুষ্ঠানগুলো উপস্থাপন করবেন না। ট্রাম্প তাকে একজন “দারুণ পেশাদার” ও “সত্যিকারের যোদ্ধা” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তার অসংখ্য ভক্ত এই ঘটনায় খুশি হবেন না।
বার্তিরোমো “Mornings with Maria,” “Maria Bartiromo’s Wall Street” এবং “Sunday Morning Futures”–এর মতো জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন। ফক্স নিউজ জানিয়েছে, তার বিদায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে। তবে নেটওয়ার্ক তার চলে যাওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি এবং এটিকে শুধু “business decision” বলে উল্লেখ করেছে।
তার বিদায়ের পর “Mornings with Maria”-এর নাম পরিবর্তন করে “Mornings with FOX Business” করা হচ্ছে এবং অনুষ্ঠানটি ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন উপস্থাপক পরিচালনা করবেন। “Sunday Morning Futures” সাময়িকভাবে উপস্থাপনা করবেন জেসন শ্যাফেটজ।
এদিকে বার্তিরোমোর ফক্স ছাড়াকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তিনি ট্রাম্প প্রশাসনে কোনো দায়িত্ব নিতে পারেন কি না—এমন আলোচনা চলছে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তিনি বার্তিরোমোকে খুবই পছন্দ করেন এবং তাকে অসাধারণ প্রতিভাবান মনে করেন, কিন্তু তার চলে যাওয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন না।
ফক্স নিউজের পক্ষ থেকে বিদায়ের কারণ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।