মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টির পাঁচ মাস বয়সী কন্যা ম্যাডিসনের ভবিষ্যতের জন্য খোলা GoFundMe তহবিলে এরই মধ্যে ৭ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে।
৩২ বছর বয়সী এরিন পিয়াচেন্টি গত ৩১ আগস্ট পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি শেষে প্রথমবারের মতো কাজে ফিরেছিলেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে টাইমস স্কয়ারে তিনি ছুরিকাঘাতের শিকার হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটিকে আকস্মিক ও উদ্দেশ্যহীন হামলা হিসেবে বর্ণনা করেছে।
এরিনের স্বামী ফ্র্যাঙ্ক পিয়াচেন্টি এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় তাদের পাঁচ মাস বয়সী শিশু ম্যাডিসনের ভবিষ্যৎ নিরাপদ করতে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। মাত্র কয়েক দিনের মধ্যেই হাজার হাজার মানুষ এই তহবিলে অর্থ সহায়তা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা হিসেবে এরিনের সবচেয়ে বড় আনন্দ ছিল তার ছোট্ট মেয়ে ম্যাডিসন। স্বজন, বন্ধু ও সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ মা, স্ত্রী, বন্ধু ও পেশাজীবী হিসেবে স্মরণ করছেন।
এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার ‘Business Selection and Conflicts’ ইউনিটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যু পরিবার, সহকর্মী এবং নিউইয়র্কের আর্থিক খাতের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।