নিউ জার্সি প্রতিনিধি: মো. নাসির
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির বিচার নতুন মোড় নিয়েছে। ছয় দিন ধরে deliberation বা বিচারকদের আলোচনা চললেও ১২ সদস্যের জুরি এখনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
পরিস্থিতিতে বিচারক উইলিয়াম সুলিভান জুরিদের জন্য বিশেষ “ডাইনামাইট চার্জ” বা Tuey-Rodriguez instruction দিয়েছেন। এর উদ্দেশ্য হলো—জুরিরা যেন নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন, অন্য সদস্যদের যুক্তি মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভব হলে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেন।
লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারিতে তার তিন সন্তান—৫ বছর বয়সী কোরাস, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালানকে হত্যার অভিযোগ রয়েছে। ক্ল্যান্সি হত্যার ঘটনা অস্বীকার করেননি; তবে তার আইনজীবীরা দাবি করছেন, ঘটনার সময় তিনি প্রসব-পরবর্তী মানসিক বিকার (postpartum psychosis)-এ ভুগছিলেন এবং তাই আইনগতভাবে তার কাজের জন্য দায়ী ছিলেন না।
অন্যদিকে প্রসিকিউশন দাবি করছে, ক্ল্যান্সি তার সন্তানদের হত্যার সময় নিজের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ছিলেন এবং হত্যাকাণ্ডের জন্য তাকে ফৌজদারি দায় নিতে হবে।
ম্যাসাচুসেটসের আইনে জুরির রায় সর্বসম্মত হতে হয়। জুরিরা যদি শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারেন, আদালত mistrial ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে প্রসিকিউশন নতুন জুরি নিয়ে মামলাটি পুনরায় বিচার করার সিদ্ধান্ত নিতে পারে।
সর্বশেষ পরিস্থিতিতে জুরিদের আবার আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুরো যুক্তরাষ্ট্রের নজর এখন লিন্ডসে ক্ল্যান্সি মামলার সম্ভাব্য রায়ের দিকে।