প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
লস অ্যাঞ্জেলেস, ৩ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে বন্দরে কয়েক দিন ধরে নোঙর করে থাকা বিশাল একটি সুপারইয়ট নিয়ে কৌতূহলের অবসান হয়েছে। এটি জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে কে রাউলিংয়ের ইয়ট বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৯০ ফুট দীর্ঘ ইয়টটির নাম ‘Samsara’। বন্দরে আসার সময় ইয়টটির নাম ঢেকে রাখা হয়েছিল। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয় নৌযান-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ও মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে ইয়টটির মালিকানা রাউলিংয়ের বলে জানা যায়।
ইয়টটি ২০১৫ সালে নেদারল্যান্ডসের Oceanco নির্মাণ করে। প্রথমে এর নাম ছিল ‘Infinity’। পরে এটি অস্ট্রেলীয় ধনকুবের ব্রেট ব্লান্ডির মালিকানায় যায় এবং ২০২৩ সালে রাউলিংয়ের কাছে বিক্রি হওয়ার পর নাম দেওয়া হয় ‘Samsara’।
সুপারইয়টটিতে একসঙ্গে প্রায় ১২ জন অতিথি ও ২৬ জন ক্রু থাকতে পারেন। এতে রয়েছে গোলাকার সুইমিং পুল, সিনেমা থিয়েটার এবং বিলাসবহুল বিচ ক্লাবসহ নানা সুবিধা। ইয়টটির আনুমানিক মূল্য ১৫০ মিলিয়ন ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘হ্যারি পটার’ সিরিজের বিপুল সাফল্যের কারণে রাউলিং বিশ্বের অন্যতম ধনী লেখক। Forbes-এর হিসাবে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ডলার।
রাউলিংয়ের ইয়টটি বর্তমানে মেরিনা ডেল রে বন্দরে অবস্থান করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি নিজে ইয়টে অবস্থান করছেন কি না, তা নিশ্চিত নয়। এ বিষয়ে রাউলিংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।