মনিরুজ্জামান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মুবিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে পূর্ব বিরোধকে কেন্দ্র করে রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮) এর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল শামীম (২৪) ও মুবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (বৃহস্পতিবার) দুপুরে মুবিনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।