শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা থাকবো: হাসনাত আবদুল্লাহ

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে আওয়ামী লীগ। সুতরাং আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আপনারা সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান ও তলোয়ার দুইটা কখনও একসঙ্গে থাকতে পারে না। এক খাটে কখনও দুই তলোয়ার থাকতে পারে না।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করাইতে হয় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে করাইতে হবে। যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় না এনে, আওয়ামী লীগ যে ১৬ বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের দাবি তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা আবার আপনাদের সঙ্গে রাস্তায় নামবো। এই ফ্যাসিবাদ জুলুম যারা কায়েম করেছে তাদের পক্ষে যদি আপনারা দাঁড়ান তাহলে সেটি হচ্ছে মজলুমের বিপক্ষে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ফ্যাসিবাদকে ঠেকাবো।’

তিনি আরও বলেন, ‘এতগুলো ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে। এত বছর ধরে নির্যাতন করেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের অবদান আমরা স্বীকার করি। দীর্ঘ ১৬ বছর আপনারা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গেছেন। আপনারা বাসার মধ্যে ভাতটা ঠিক করে খাইতে পারেন নাই। মামলার ভয়ে এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে। ভালো একটা পোশাক পরতে পারেন নাই। ৬০-৭০টা মামলায় সপ্তাহে পাঁচ দিনে হাজিরা দিতে হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আওয়ামী লীগের এসব অত্যাচার আপনারা কীভাবে এত সহজে ভুলে গেলেন!’

একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সেই বাংলাদেশ করার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো। সেখানে কোনও বিভাজন থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামতী দরবার শরিফের পীর আলহাজ বাহাউদ্দীন আহমাদ। অনুষ্ঠানে দেবিদ্বারের বিভিন্ন এলাকার আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.