নতুন সংবিধান রচনায় গণপরিষদের নির্বাচনের লড়াইকে সামনে নিয়ে চলতি মাসেই নতুন ‘বড় দল’ আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
শনিবার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এই কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসেই যে ছাত্রদের একটি বড় দল আসছে বাংলাদেশের ইতিহাসে…আপনারা জানেন যে এখন জনমত জরিপের কাজ চলছে। আমাদের রাজনৈতিক লাইনটা কী হবে সেটা আজ আমরা ব্যক্ত করেছি।
তিনি বলেন, ‘আমরা আজকের বৈঠকে বলেছি, আমাদের দলের রাজনৈতিক লাইন হবে নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে মুক্ত করেছি। নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে সে জন্য ফ্যাসিবাদের লাস্ট কফিনে পেরেক মারার জন্য আমরা নতুনভাবে আজ সবাইকে প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে নতুন সংবিধান রচনার ও গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।’
নাসীরুদ্দীন আরো বলেন, ‘সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি।