প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
নিউ জার্সির বৈচিত্র্যময় খাবারের জগতে বাংলাদেশি খাবারের স্বতন্ত্র স্বাদ ও ঐতিহ্যকে তুলে ধরে বিশেষ পরিচিতি অর্জন করেছে জার্সি সিটির Korai Kitchen। ২০২৬ সালে Jersey City-এর সেরা রেস্টুরেন্টগুলোর তালিকা প্রকাশ করতে গিয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম NJ.com বাংলাদেশি এই রেস্টুরেন্টটির খাবার ও বিশেষ ডাইনিং অভিজ্ঞতার প্রশংসা করেছে।
Korai Kitchen-এর পেছনে রয়েছেন মা-মেয়ে শেফ নূর-ই গুলশান রহমান ও নূর-ই ফারহানা রহমান। ছোট পরিসরের এই বাংলাদেশি রেস্টুরেন্টটি তার ঐতিহ্যবাহী রান্না, পারিবারিক রেসিপি এবং ঘরোয়া আতিথেয়তার জন্য খাবারপ্রেমীদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে।
NJ.com-এর প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে “Amma’s Dawat”-এর কথা। শুক্রবার ও শনিবার আয়োজিত এই বিশেষ ডিনারে অতিথিরা প্রায় তিন ঘণ্টার একটি ব্যতিক্রমী বাংলাদেশি খাবারের অভিজ্ঞতা পান। নির্দিষ্ট কোনো মেনুর পরিবর্তে শেফ নূর-ই গুলশান রহমান সেদিনের জন্য নিজের পছন্দ অনুযায়ী প্রায় আটটি পদ পরিবেশন করেন।
প্রতিটি খাবারে বাংলাদেশি রান্নার মসলা, স্বাদ ও পারিবারিক ঐতিহ্যের ছাপ রয়েছে। নূর-ই ফারহানা রহমান অতিথিদের প্রতিটি খাবারের পরিচয় ও গল্প তুলে ধরেন, যা পুরো ডাইনিং অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে।
এর মধ্যে মুরগির রোস্ট বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশি পারিবারিক ও উৎসবের খাবারের সঙ্গে গভীরভাবে যুক্ত এই পদটির রেসিপি আন্তর্জাতিক খাদ্য ও জীবনধারা ম্যাগাজিন Food & Wine-এও প্রকাশিত হয়েছে।
একজন বাংলাদেশি-আমেরিকান হিসেবে Korai Kitchen এবং শেফ নূর-ই গুলশান রহমানের এই সাফল্য আমার কাছেও অত্যন্ত আনন্দের। শেফ নূর-ই গুলশান রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি অত্যন্ত আন্তরিক ও ভালো মনের একজন মানুষ। তাঁর রান্নার মাধ্যমে নিউ জার্সির মানুষের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তা আরও পরিচিত হয়ে উঠছে—এটি বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্যও গর্বের বিষয়।
NJ.com দীর্ঘদিন ধরে নিউ জার্সির খাবার ও সংস্কৃতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের খাদ্যবিষয়ক লেখাগুলোতে রাজ্যের বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের খাবারের বৈচিত্র্য তুলে ধরা হয়।
Korai Kitchen-এর এই স্বীকৃতি শুধু একটি রেস্টুরেন্টের সাফল্য নয়; এটি নিউ জার্সিতে বাংলাদেশি খাবার, সংস্কৃতি ও পারিবারিক রান্নার ঐতিহ্যের ক্রমবর্ধমান পরিচিতিরও একটি সুন্দর উদাহরণ।