মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও আটককৃত আ’লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেতমোর রাজপাড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পান্না মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব সামস সওকত, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউল ইসলাম রিপন মাতুব্বর, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বেতমোর ইউনিয়ন যুবদলের আহবায়ক কবির খান হাফিজ, যুগ্ম আহবায়ক আবু হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, রোববার সন্ধ্যায় বেতমোর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমাদুল হক সাংরাইল বাজারে বিএনপি নিয়ে কটাক্ষ করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদ করে। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছালেহ দফাদার ফোন দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এতে এমাদুলের পক্ষ নিয়ে উপজেলা বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বাদল, পৌর যুবদল নেতা আবুল কালম আজাদ (আবু মাস্টার) ও পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আউয়াল মিয়া সুপারিশ করে আওয়ামী লীগ নেতা এমাদুলকে ছাড়িয়ে নেন। অপর দিকে এমাদুল ছাড়া পেয়ে ৯ নং ওয়ার্ড বিএনপি‘র সাবেক সভাপতি আবু সালেহ চাঁদা দাবি করেছে বলে স্থানীয় দুটি অনলাইন পেইজে বিবৃতি দেন। এদিকে বক্তারা মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আব্দুল হালিমের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা এমাদুলকে ছেড়ে দেয়ার অভিযোগ তুলে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারনের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল বলেন, আ.লীগ নেতাকে ছাড়ার ব্যাপারে সুপারিশের প্রশ্নই আসেনা। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (আবু মাস্টার) তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আ’লীগ নেতা এমাদুল হকের পক্ষে কোন প্রকার সুপারিশের প্রমাণ পেলে আমি যেকোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এমাদুলকে ছেড়ে দেয়া হয়নি। অসুস্থতার কারণে এমাদুলকে হাসপাতালে চিকিৎসা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।